মৃত তো নিজে পুড়তে পারে না
তাই তাকে পুড়িয়ে দিতে হয়
লোভে কামে অনধিকারে যে অন্ধ হয়ে গেছে
অন্ধ হয়ে যে মরে গেছে একদিন
সে ব্যস্ত সাম্রাজ্য বিস্তারে
মৃত সব সভ্যতার কৃষ্ণ গহ্বরে
অভ্যাসবশত
তাকেও পুড়িয়ে দাও হে যৌবন
তোমার দহনে বর্জ্যের মতন
নতুবা আগুন এসে তোমাকেই
তুলে নিয়ে ফেলে দেবে অব্যবস্হায়
দিন যায়, কিভাবে যে দিন যায়
বোঝো নাকো ?
পুড়ে পুড়ে খাক হয়ে কী পেয়েছো এতদিন ?
কার দায় কে শোধ করে ? কার এত দায়!
মৃত যে নিজে পুড়তে পারে না
তাই তাকে পুড়িয়ে দেওয়া হয়
অথবা পাঠাতে হয় সমভিবাহারে
নিশ্চিত কবরে !